তেজগাঁও রেলগেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

নিহত ব্যক্তির নাভি বরাবর একটি ধারালো অস্ত্রের ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
নিহত ব্যক্তি
নিহত ব্যক্তি |নয়া দিগন্ত

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হয়। বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী আব্দুর রহমান জানান, আজ বেলা ৩টার দিকে তেজগাঁও রেলগেট এলাকা দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। এসময় দেখেন এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। অনেকের কাছে বাঁচার জন্য সাহায্য চাচ্ছেন। কিন্তু কেউ ভয়ে তাকে বাঁচাতে এগিয়ে যাচ্ছেন না। পরে ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, পথে নিহতের নাম পরিচয় জানার চেষ্টা করেছি। কিন্তু তিনি কিছুই জানাতে পারেননি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বলেন, নিহত ব্যক্তির নাভি বরাবর একটি ধারালো অস্ত্রের ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।

তেজগাঁও থানা পুলিশ বলছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।