রাজধানীর কদমতলীতে বিশেষ অভিযান চালিয়ে ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
শুক্রবার পূর্ব জুরাইন নবীনবাগ এলাকার একটি আবাসিক ভবনে এ অভিযান চালানো হয়।
র্যাব-১০ সূত্র জানায়, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার কদমতলী থানাধীন পূর্ব জুরাইন নবীনবাগ এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালায়। অভিযানে ভবনটি থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুইটি সুইচ গিয়ার চাকু ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন মো: স্বপন (৩৭), মো: মনির (৩১), জাহিদুল ইসলাম সিয়াম (২২) ও মো: আরিফ হোসেন (২৯)।
র্যাব জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মো: স্বপন একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে কদমতলী থানায় হত্যা ও মাদকসহ অন্তত চারটি মামলা রয়েছে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস নির্মূলে র্যাবের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হয়ে আসছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


