ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে দু’টি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি ও ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৭ জুন) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে এদিন ভোর ৪টা ৪০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ সামন্তা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সামন্তা বিওপির একটি বিশেষ টহলদল নিয়মিত সীমান্ত এলাকায় টহলে ছিল। এ সময় দু’জন অজ্ঞাত পরিচয়ের চোরাকারবারীকে সন্দেহভাজন হিসেবে ধাওয়া করেন বিজিবি সদস্যরা। ধাওয়া খেয়ে চোরাকারবারীরা সীমান্ত পিলার ৫৭/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মো: মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়ের জঙ্গলে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে রেখে শূন্যরেখা অতিক্রম করে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই জঙ্গল থেকে ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালান। ব্যাগটির ভেতর থাকা একটি কার্টন থেকে ইতালির তৈরি দু’টি অত্যাধুনিক পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, গুলি ও এসকাফ সিরাপ মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে সীমান্তে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।



