মিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা!

‘তার বিরুদ্ধে থানায় কোনো মামলাও হয়নি। অথচ একজনের মিথ্যা তথ্যে পত্রিকায় তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।’

নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের এক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি এবং মামলার মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হলেও পুলিশ জানিয়েছে, থানায় এ ধরনের কোনো অভিযোগ আসেনি।

ভুক্তভোগী বিএনপি নেতা বলছেন, ‘চাঁদাবাজির সাথে কখনোই জড়িত নন। তার বিরুদ্ধে থানায় কোনো মামলাও হয়নি। অথচ একজনের মিথ্যা তথ্যে পত্রিকায় তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।’

সম্প্রতি একটি গণমাধ্যমে জাহিদুল নামের এক ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন। তিনি বলেন, ‘মামুন তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এই ঘটনায় তিনি পল্লবী থানায় একটি মামলাও দায়ের করেছেন।’

সংবাদটি দেখে বিএনপি নেতা মামুন বিপাকে পড়ে যান। তিনি থানায় খোঁজ নেন। জানতে পারেন তার নামে এমন কোনো অভিযোগ থানায় কেউ দেয়নি। জাহিদুলের ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা।

বিএনপি নেতা মামুন সাংবাদিকদের বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নিজে কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নই। দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করতে গেলে সেখানেও প্রতিবাদ করেছি।’

অপরদিকে পল্লবী থানার ওসি হাসান বাসির বলেন, ‘যেই মামুনের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি। তার বিরুদ্ধে থানায় এ সংক্রান্ত কোনো অভিযোগ নেই। আর জাহিদুল ইসলাম নামের যে ব্যক্তি সংবাদ মাধ্যমে এমন ধরনের অভিযোগ দিয়েছেন তাকে আমরা ডেকেছিলাম। তার কাছে কেউ চাঁদা চায়নি বলে জানিয়েছেন।’

ওসি আরো বলেন, ‘বর্তমানে আমাদের চাঁদাবাজ ধরার অভিযান চলছে। এখানে কে কোন দলের এটি বিবেচনা করা হচ্ছে না।’

জানতে চাইলে জাহিদুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য না করে পরে কথা বলবেন বলে জানান।