ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, চলন্ত রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

দুপুর ২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে লাশ
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে লাশ |ফাইল ছবি

রাজধানীর তুরাগে ভ্যানেটি ব্যাগ ধরে ছিনতাইকারীর টানে পড়ে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী মুক্তা আক্তার (২১) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) তুরাগের মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মুক্তা আক্তার রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামে আব্দুল জলিলের মেয়ে। তিনি স্বামীর সাথে রাজধানীর দক্ষিণখানের হায়দ্রাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহত মুক্তার স্বামী লিমন হোসেন জানান, তার স্ত্রী সকাল সাড়ে ৯টার দিকে ঈদের শপিং করে রিকশায় বাসায় ফেরার পথে তুরাগের মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে অন্য আরেকটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।