এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) র্যাব-১০ যাত্রাবাড়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন এ তথ্য জানান।
তিনি জানান, র্যাবের গোয়েন্দা শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় একটি চক্রের তথ্য পায়, যারা ‘এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস’-সংক্রান্ত ভুয়া প্রচারণা চালিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছিল এবং আর্থিকভাবে লাভবান হওয়ার অপচেষ্টা করছিল। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে র্যাব-১০, সদর কোম্পানি, কেরাণীগঞ্জ, ঢাকা গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে কামরাঙ্গীরচরের হাসান নগর ঝাউলাহাটি এলাকায় অভিযান পরিচালনা করে মো: সাজেদুল ইসলাম সাইফ (২৪) ও তাউসিফ রহমান রিসাদকে (২৩) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতাররা প্রায় ছয় মাস আগে টেলিগ্রাম গ্রুপ খোলার মাধ্যমে একটি সংগঠিত চক্র হিসেবে কাজ করছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ টেলিগ্রামে ‘এসএসসি-২০২৬’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের কাছ থেকে থেকে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছিল। তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইসসমূহ জব্দ করা হয়েছে এবং সেগুলো বিশ্লেষণে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সোনালী সেন জানান, র্যাব মনে করে যে এ ধরনের কার্যক্রম শুধু আইনত দণ্ডনীয় নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করে এবং শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করে। এ ধরনের অপচেষ্টা প্রতিরোধে র্যাব সর্বদা তৎপর রয়েছে।



