রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের গুলিতে পাপ্পু শেখ (২৬) নামে একজন সিএনজি-অটোরিকশাচালক নিহত হয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কদমতলী থানার জুরাইন গ্যাস পাইপ এলাকার আশরাফ মাস্টার স্কুলের পাশে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে পাপ্পুকে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় স্বজনরা পাপ্পুকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত পাপ্পু শেখের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসাবাড়ি গ্রামে। স্ত্রী মোছা: জান্নাত ও এক ছেলেকে নিয়ে পূর্ব জুরাইন গ্যাস পাইপ এলাকায় থাকতেন।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন নিহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উর্ধ্বতন কর্মকর্তারা আছেন। এ বিষয়ে তদন্ত চলছে।
ঢামেক হাসপাতালে নিহতের বাবা মো: মন্টু শেখ জানান, সোমবার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পরপরই খবর পান, জুরাইন গ্যাস পাইপ আশরাফ মাস্টার স্কুলের সামনে তাকে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাপ্পুকে প্রথমে স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পাপ্পু শেখের বন্ধু মো: সানি জানান, গ্যাস পাইপ এলাকার কানা জব্বারের ছেলে বাপ্পা (৩৫) ও স্থানীয় কানচি ওরফে ফরমা কানচিসহ কয়েকজন পাপ্পুকে গুলি করে পালিয়ে যায়। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। কয়েক দিন আগে বাপ্পার ভাতিজা হিমেলের সাথে পাপ্পুর ঝগড়া হয়েছিল। সেই ঘটনার জের ধরে সেমাবার পাপ্পুকে গুলি করতে পারে ওরা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।



