আদাবরে বিকাশের দোকানে ডাকাতির ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

গ্রেফতারকৃত মামুন একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। সে চক্রটি দীর্ঘদিন ধরে আদাবর, মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিল মর্মে জানা যায়।

নিজস্ব প্রতিবেদক
গ্রেফতার মামুন
গ্রেফতার মামুন |সংগৃহীত

রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় বিকাশের দোকান মালিককে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ডাকাতির ঘটনায় মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো: মামুনকে (৩৫) গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ‍জুন) দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আদাবর থানা সূত্রে জানা যায়, গত ১৬ জুন সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে শেখেরটেক মফিজবাগ এলাকার একটি বিকাশের দোকানে ঢুকে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা দোকান মালিক মো: শফিকুল ইসলামকে (৩৭) এলোপাতাড়িভাবে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী।

আরো জানা যায়, মামলার তদন্তকালে এজাহারভুক্ত দুই আসামি ও সন্দেহভাজন দুই আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) রাত আনুমানিক ৩টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানাধীন ফকির মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত এক নম্বর আসামি মামুনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মামুন একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। সে চক্রটি দীর্ঘদিন ধরে আদাবর, মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিল মর্মে জানা যায়। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট সাতটি মামলা এবং একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।