রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের একটি ১০ তলা ভবনের নয় তলার একটি বাসা থেকে রত্না আক্তার (১৭) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা আলমগীর হোসেন জানান, নিহত রত্না আড়াই মাস যাবৎ ওই বাসায় কাজ করেন। বেলা ১১টার দিকে তার নিজের রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকে। পরে পুলিশকে খবর দিলে পুলিশের সহযোগিতায় অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে এ ঘটনা ঘটেছে আমরা কিছুই বলতে পারব না। আড়াই মাস আগে আমি ওই বাসায় কাজে দিয়েছিলাম তাকে।
তিনি আরো জানান, নিহত রত্না সিলেট জেলার মোহাম্মদ দুলাল মিয়ার মেয়ে। বর্তমানে নিউমার্কেটের এলিফ্যান্ট রোডের ৮/ডি ফ্ল্যাটের ১০ তলা ভবনের নয়তলার শাহজাহানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।



