মাসুদ চৌধুরীকে পল্টন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে : ডিবি

প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ফেনী জেলায় ছয়টি মামলা আছে। আর ঢাকা মহানগর এলাকায় মামলা আছে পাঁচটি।

নয়া দিগন্ত অনলাইন
মাসুদ উদ্দিন চৌধুরী
মাসুদ উদ্দিন চৌধুরী |সংগৃহীত

এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে রাজধানীর পল্টন থানায় করা একটি মানব পাচারের অভিযোগের মামলায় গ্রেফতার দেখানোর কথা জানিয়েছে ডিবি।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম বলেন, ‘গতকাল সোমবার রাতে রাজধানীর বারিধারা থেকে সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ফেনী জেলায় ছয়টি মামলা আছে। আর ঢাকা মহানগর এলাকায় মামলা আছে পাঁচটি। প্রাথমিকভাবে তাকে পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মানব পাচারের অভিযোগে এ মামলা করা হয়।’

তিনি আরো জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে থাকা ১১টি মামলার মধ্যে ফেনী জেলার তিনটির বিচার কার্যক্রম চলমান। মামলা বিচারাধীন অবস্থায় তিনি পলাতক ছিলেন। এ কারণে তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

ডিবিপ্রধান বলেন, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর পল্টন, বনানী, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা, হত্যাচেষ্টা, মানব পাচারসহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগে মামলা আছে। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) একাধিক অভিযোগ রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।

উল্লেখ্য, মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। তিনি এক-এগারোর পটপরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এই কমিটির অধীনই তখন দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।

২০০৮ সালে মাসুদ উদ্দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। এরপর আওয়ামী লীগ সরকার তিন দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করে।

অবসর গ্রহণের পর তিনি জাতীয় পার্টির (জাপা) মনোনয়নে দুই দফায় (২০১৮ ও ২০২৪) ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে মাসুদ উদ্দিন চৌধুরী প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম কিনে জমা দিয়েছিলেন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। দলটির নীতিনির্ধারণী পর্ষদ সভাপতিমণ্ডলীর সদস্যপদ পান। জাপার মনোনয়নে নির্বাচন করেন।