রাজধানীর ডেমরায় উদ্ধার হওয়া দুটি অবিস্ফোরিত পাইপবোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিটিটিসি সূত্রে জানা গেছে, রোববার (১৬ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর নিঝুমবাগ এলাকা থেকে গ্রেফতার জুয়েল ওরফে ওস্তাদের কাছ থেকে দুইটি অবিস্ফোরিত পাইপবোমা উদ্ধার করা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ডেটোনেটিং কর্ড ব্যবহার করে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমা দুটি নিষ্ক্রিয় করে। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে পাইপবোমা দুটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।
সিটিটিসি সূত্রে আরো জানা গেছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



