রাজধানীর মগবাজার এলাকা থেকে এক সাংবাদিককে অপহরণের চেষ্টা করার অভিযোগ উঠেছে।
সোমবার (৪ মে) রাতে মগবাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী সাংবাদিকের নাম আতাউর রহমান। তিনি অনলাইন নিউজ পোর্টাল ঢাকা স্ট্রিমের জ্যেষ্ঠ প্রতিবেদক। এ ঘটনায় সোমবার রাতেই জীবনের নিরপত্তা চেয়ে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
আতাউর রহমান বলেন, ‘সোমবার রাত সোয়া ১০টায় রাজধানীর পান্থপথে অফিস শেষ করে বাসায় ফিরছিলাম। তখন আমার সাথে সাবেক সহকর্মী মহির মারুফও ছিলেন। রাস্তা পার হয়ে মারুফ রিকশা খুঁজছিল। আমিও রাস্তা পার হচ্ছিলাম, তখন একটি প্রাইভেটকার (নম্বর- ঢাকা মেট্রো-ঘ ১১-৯৮৯৯) থেকে এক ব্যক্তি লাঠি নিয়ে নেমে এসে আমাকে অপহরণের উদ্দেশ্যে তুলে নেয়ার চেষ্টা করে।’
তিনি আরো বলেন, ‘আমি বাধা দেয়ার পর গাড়ি থেকে আরো তিনজন নেমে এসে আমাকে তুলে নেয়ার চেষ্টা করে এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময়ে সেখানে উপস্থিত লোকজন এসে বাধা দিলে তারা আমার বিরুদ্ধে গালি দেয়ার অভিযোগ তুলে পরিস্থিতি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করে।’
তিনি বলেন, ‘আমাকে অপহরণের চেষ্টায় ব্যর্থ হয়ে একপর্যায়ে অপহরণকারীরা গাড়ি নিয়ে পালিয়ে যায়।’
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী মহির মারুফ বলেন, ‘আমি রিকশা নিতে সামনের দিকে এগিয়ে গিয়ে পেছনে তাকিয়ে দেখি একটি কালো প্রাইভেটকার সিগন্যালে থেমে আছে। ফ্রন্ট সিট থেকে একজন বের হয়ে আতাউর ভাইকে গাড়িতে তোলার চেষ্টা করছে। আমি দৌড়ে ট্রাফিক সিগন্যালে থাকা দায়িত্বরত পুলিশ ডেকে নিয়ে আসলে দেখি চারজন মিলে আতাউর ভাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পথচারীসহ সবাইকে নিয়ে বাধা দিলে উল্টো তারা দোষ দেয় তাদেরকে গালি দেয়া হয়েছে। সাংবাদিক পরিচয় দেয়ার পরও অপহরণে ব্যর্থ হয়ে তারা আতাউর ভাইকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।’
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ‘তারা হঠাৎ গাড়ি থামিয়ে একজন লোককে গাড়িতে তোলার চেষ্টা করেন। পরে লোকজন জড়ো হলে তারা গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যান।’
তবে কী কারণে আতাউরকে অপহরণের চেষ্টা করেছে তা জানা যায়নি। পুলিশ সিসি ক্যামেরা দেখে গাড়ি ও এর চালকসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে হাতিরঝিল থানা পুলিশ।



