বিসিএস কৃষি ক্যাডারের জুনিয়র কর্মকর্তার ঘুষিতে রক্তাক্ত হয়েছেন সিনিয়র কর্মকর্তা রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে সোমবার রাতে এ ঘটনা ঘটে। বিসিএস কৃষি ক্যাডারের দুই কর্মকর্তার মধ্যে এমন ঘটনায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ৮টার দিকে কেআইবি চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংগনিরোধ উইং) ও ২৯তম বিসিএস কৃষি ক্যাডার কর্মকর্তা বনি আমিন খানের সঙ্গে ডিএই'র অতিরিক্ত উপপরিচালক (প্রশাসন-২) এবং ৩১তম ব্যাচের কর্মকর্তা এ এম মাসুম বিল্লাহর এমন অপ্রীতিকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুম বিল্লাহ তার দুই ব্যাচ সিনিয়র কর্মকর্তা বনি আমিন খানের মুখমণ্ডলে একাধিক ঘুষি মারেন। এতে তার মুখমণ্ডল ফুলে যায়। আঘাতের কারণে বাম চোখের নিচের অংশে রক্তাক্ত হয়। ঘটনাস্থলে উপস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা ও কেআইবি'র সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বনি আমিন খান অভিযোগ করে বলেন, কেআইবি চত্বরে তিনি এ হামলার শিকার হয়েছেন। এতে তার মুখমণ্ডলে গুরুতর আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা নেয়ার পর তিনি বাসায় ফিরে যান। বিষয়টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালককে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
বনি আমিন খান জানান, 'ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করব।'
সিনিয়র কর্মকর্তাকে ঘুষি মারার অভিযোগের বিষয়ে এ এম মাসুম বিল্লাহ বলেন, 'এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘটনার পরপরই সেখানে উপস্থিত এ্যাব নেতাদের সামনে আমি স্যারের কাছে দুঃখ প্রকাশ করেছি। আমি তার কাছে ক্ষমা চেয়েছি।'
খামারবাড়ি কেন্দ্রিক বিএনপিপন্থী এই দুই কর্মকর্তার প্রভাব বিস্তার সহ পূর্ব মতবিরোধের জেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে বলে বিভিন্ন সূত্রের দাবি।
এ বিষয়ে কিছু সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো: আব্দুর রহিমকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।



