রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৪১ জন, ওয়ারীতে ৫৩ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৫৮ জন, মিরপুরে ১২৩ জন, গুলশানে ৪৪ জন, উত্তরা বিভাগে ৫৪ জন এবং গোয়েন্দা বিভাগে আটজন রয়েছেন।
ডিএমপি জানায়, অভিযানে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি বিদেশী রিভলবার, দুইটি সামুরাই, একটি ছুরি ও একটি আংশিক ব্লেড উদ্ধার করা হয়েছে।
এছাড়া ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭৬৩ পিস ইয়াবা, ৩ দশমিক ৩৫ গ্রাম হেরোইন, এক বোতল বিদেশী মদ ও তিন বোতল দেশী মদ উদ্ধার করা হয়।
অভিযানে ট্রেনের টয়লেটের স্টিলের চারটি ট্যাপ, পাঁচটি প্লাস্টিকের ট্যাপ, ১০টি মোবাইল ফোন এবং ২১ দশমিক ২ লিটার ওষুধের কেমিক্যাল উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত, অস্ত্র ও মাদক উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



