ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩০৬ মামলা, ডাম্পিং ৪৯৮ গাড়ি

অভিযান পরিচালনাকালে ট্রাফিক আইন অমান্য করা ও নিয়মবহির্ভূতভাবে পার্কিং করায় মোট ৪৯৮টি গাড়ি ডাম্পিং এবং ৩৩৬টি গাড়ি রেকারিং করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ডিএমপি
ডিএমপি |সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন এলাকার যানজট নিরসন ও ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুই হাজার ৩০৬টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

গতকাল সোমবার দিনভর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পরিচালনা করা অভিযানে এসব মামলা করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, বিভাগভিত্তিক অভিযানের মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে নয়টি বাস, সাতটি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি অটোরিকশা ও ২৪টি মোটরসাইকেলসহ মোট ১১৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮টি বাস, ২২টি ট্রাক, ১৯টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৯৩টি মামলা এবং ট্রাফিক-মতিঝিল বিভাগে সাতটি বাস ও চারটি ট্রাকসহ মোট ৩২২টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে রেকর্ড ৪৮টি বাস, ২৭টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান ও ৪৭টি সিএনজিসহ মোট ৪১৫টি মামলা করা হয়।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, সাতটি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা; ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭টি বাস, ১৩টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১৯৫টি মোটরসাইকেলসহ মোট ৪০৩টি মামলা; ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩টি বাস, ১৯টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১৯৯টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৪৬৮টি মামলা এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৪৭টি বাস, দু’টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা করা হয়েছে।

এছাড়া অভিযান পরিচালনাকালে ট্রাফিক আইন অমান্য করা ও নিয়মবহির্ভূতভাবে পার্কিং করায় মোট ৪৯৮টি গাড়ি ডাম্পিং এবং ৩৩৬টি গাড়ি রেকারিং করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ যানবাহন ও ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাসস