ধানমন্ডিতে মারধর করে ৫০ লাখ টাকা ডাকাতি, আলামতসহ গ্রেফতার ৩

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট চারজন দুর্বৃত্ত ব্রিক ওয়াক্স ডেভেলপমেন্ট লিমিটেডের অফিসে প্রবেশ করে।

নিজস্ব প্রতিবেদক
নয়া দিগন্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা পুলিশ ধানমন্ডি এলাকার ব্রিক ওয়াক্স ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানির অফিসে সংঘটিত দস্যুতার ঘটনায় আলামতসহ তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো: ইয়াছিন আরাফাত (২৪), মো: রাজীব হাওলাদার (২৩) ও মো: রায়হান (২১)। শনিবার (৩০ আগস্ট) ডিএমপি বিষয়টি নিশ্চিত করে।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট চারজন দুর্বৃত্ত ব্রিক ওয়াক্স ডেভেলপমেন্ট লিমিটেডের অফিসে প্রবেশ করে। তারা ধারালো চাপাতি ব্যবহার করে অফিসের ম্যানেজারকে জিম্মি করে বেঁধে ফেলে এবং তার কাছ থেকে মানিব্যাগ, মোবাইল ফোন ও একটি বাইসাইকেল ছিনিয়ে নেয়। এরপর তারা অফিসের ম্যানেজারকে সারাদিন চেয়ারের সাথে বাঁধা অবস্থায় মারধর করে এবং আরো টাকার জন্য হুমকি-ধমকি দিতে থাকে।

পরের দিন, কোম্পানির চেয়ারম্যান মাসুদকে ঘটনাস্থলে পাঠানো হলে দুর্বৃত্তরা তাকেও চাপাতি দিয়ে আঘাত করে আহত করে। তারা চেয়ারম্যানের কাছে ৫০ লাখ টাকা দাবি করে। চেয়ারম্যান ৫০ হাজার টাকা দেয়ার প্রস্তাব দিলে আসামিরা সেই টাকা নিয়ে ভুক্তভোগীদের ছেড়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর, গত ২৯ আগস্ট ধানমন্ডি মডেল থানা পুলিশ সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জিগাতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে মামলার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত বাইসাইকেল, ২৪ হাজার টাকা, চাপাতি বহনে ব্যবহৃত একটি কালো ব্যাগ এবং ঘটনার দিন আসামিদের পরিহিত দুটি শার্ট উদ্ধার করা হয়।