ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে ভুল করে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে উঠে ধর্ষণের শিকার হয়েছেন বলে ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ করেছেন ৪৪ বছর বয়সী এক নারী। পরে ট্রেনটির পরবর্তী স্টপেজ শান্তাহার রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এক ক্যান্টিন বয়কে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে মিডিয়া কর্মকর্তা পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি অবগত করেন।
সোমবার (৩১ আগস্ট) রাতে ওই নারী কান্নাজড়িত কণ্ঠে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, চলন্ত ট্রেনে তিনজন মিলে তাকে ধর্ষণ করেছেন। ৯৯৯ কর্তৃপক্ষ ট্রেনটির অবস্থান শনাক্ত করে পরবর্তী স্টপেজ শান্তাহার রেলওয়ে থানাকে বিষয়টি জানায়। একইসাথে ভুক্তভোগী ও সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়।
পুলিশ জানায়, ওই নারী ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত টিকিট ছাড়া কুড়িগ্রাম এক্সপ্রেসে ওঠেন।
পরে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি সিরাজগঞ্জ যাওয়ার কথা জানালে পরবর্তীতে ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক (২২) ও আরো দুজন তাকে সিটে বসানোর কথা বলে ক্যান্টিন বয়দের কক্ষে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী।
ট্রেনটি শান্তাহার স্টেশনে পৌঁছালে রেলওয়ে থানা পুলিশের একটি দল ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্ত ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করে। তিনি নাটোরের লালপুর থানার আব্দুলপুর এলাকার মৃত মাসুদ রানার ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা হয়েছে। বাকি দুই অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



