রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা হাউজিং এলাকায় ছিনতাইকারীরা মোহাম্মদ হৃদয় (২৩) নামে এক দোকান কর্মচারীকে চাপাতি দিয়ে কুপিয়ে দুই লাখ টাকা এবং এক লাখ টাকা মূল্যের একটি স্যামস্যাং মোবাইল ফোনসহ অন্য আরো দুটি মোবাইল ফোন নিয়ে গেছে বলে জানা গেছে।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রিমা হাউজিংয়ের এভিনিউ-২-এর আয়েশা টেলিকমের সামনে এ ঘটনা ঘটে।
আয়েশা টেলিকমের দোকান কর্মচারী হৃদয় বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে দোকান খোলার জন্য এভিনিউ-২-এর সামনে আসি। এ সময় ওই দোকানের সামনে রেখে চায়ের দোকানে বসেছিলাম। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে দু’জন এসে আমার পাশে বসে কথা বলতে থাকে। এক পর্যায়ে চাপাতি দেখিয়ে আমার কাছে থাকা ব্যাগে দুই লাখ টাকা ও তিনটি মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি বাধা দিলে তারা আমার বাম হাতে চাপাতি দিয়ে কোপ দিয়ে অটোরিকশায় করে চলে যায়।’
পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, সিসিটিভি ফুটেজ দেখে ঢাকা উদ্যান এলাকার শীর্ষ ছিনতাইকারী আকাশ ও আরজুকে শনাক্ত করেছে পুলিশ। রিকশাচালকের মুখে মাস্ক থাকায় তাকে চেনা সম্ভব হয়নি। কিছুদিন আগে জেল থেকে এই আকাশ বের হয়ে আবারো ছিনতাই কাজে নেমে পড়েছে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো: জুয়েল রানা বলেন, ‘বিষয়টি জানার সাথে সাথে আমাদের পুলিশের একাধিক টিম গুরুত্ব সহকারে কাজ শুরু করেছে। ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। আমরা তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করছি।’
এদিকে, আহত দোকান কর্মচারী হৃদয় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় গেছেন।


