তুরাগে মাদকের পাওনা টাকার দ্বন্দ্বে যুবক নিহত

তুরাগে মাদকের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে রুবেল ও তার সহযোগীদের লাঠির আঘাতে সজীব নামে যুবক নিহত।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka
তুরাগে মাদকের পাওনা টাকার দ্বন্দ্বে এক যুবক নিহত হয়েছেন
তুরাগে মাদকের পাওনা টাকার দ্বন্দ্বে এক যুবক নিহত হয়েছেন |প্রতীকী ছবি

রাজধানীর তুরাগে রূপায়ন সিটির ভেতরে মাদকের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে লাঠিসোটার আঘাতে মোহাম্মদ সজীব (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রূপায়ন সিটির ভেতরে শ্রমিকদের মেসের সামনে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ঘাতক রুবেল ও তার সহযোগীরা পালিয়ে যান।

নিহত সজীবের গ্রামের বাড়ি গাজীপুরের জয়দেবপুরের বাশখাটিয়া এলাকায়। তার বাবার নাম নুরজামাল ও মা সালমা বেগম। তিনি তুরাগের ধরঙ্গেরটেকের হাজী আব্দুলের বাসায় ভাড়া থাকতেন।

রাতে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযুক্ত রুবেলের কাছ থেকে গাঁজা নিয়ে সজীব বিক্রি করতেন। বৃহস্পতিবার সজীবকে বিক্রির জন্য কিছু গাঁজা দেন রুবেল। সেই গাঁজা বিক্রির পর এক হাজার টাকা কম দেন সজীব। ওই টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে রুবেল তার সহযোগীদের নিয়ে সজীবকে কাঠের লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি মারধর করেন। এতে সজীব গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উত্তরার শহীদ মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, সজীবের লাশ হাসপাতাল থেকে বাসায় নেয়ার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাসা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ঘাতক রুবেল ও তার সহযোগীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।