বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত

সাবেক দ্বিতীয় স্বামী মোহাম্মদ রেজাউল এসে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝুমুরকে কুপিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করে।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল |ফাইল ছবি

রাজধানীর বাড্ডা থানার ডিআইটি রোডের একটি বাসায় সাবেক দ্বিতীয় স্বামীর ছুরিকাঘাতে ঝুমুর আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা উকিল মা বাড্ডা ডিআইটি রোডের বাসিন্দা অজিফা আখতার জানান, ঝুমুর আমার বাসায় আসে। এখানে সাবেক দ্বিতীয় স্বামী মোহাম্মদ রেজাউল এসে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝুমুরকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আমরা ঝুমুরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। এখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঝুমুরের আগের একটা বিয়ে হয়েছিল, সে ঘরে একটি সন্তান রয়েছে। পরে রেজাউলের সাথে ঝুমুরের প্রেম হয়, তারপরে তারা দুজন বিয়ে করে। কিন্তু রেজাউল কিছু না করায় ঝুমুর বলে, আমি তোমাকে কামাই করে খাওয়াবো আর তুমি ঘরে বসে বসে থাকবে এটা হবে না। পরে তাদের মধ্যে তালাক হয়ে যায়। ঝুমুরের গ্রামের বাড়ি পটুয়াখালী।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।