রাজধানীর পূর্ব রামপুরায় রিকশায় যাওয়ার সময় ছিনতাইকারীদের হামলায় তিন স্যানিটারি মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পূর্ব রামপুরার কমিশনার গলি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসাধীন রাখেন।
আহতরা হলেন মাদারীপুর জেলা কালকিনি উপজেলার রামপুর গ্রামে খবির মিয়ার ছেলে আমিনুল ইসলাম (২৮), বরিশালের গৌরনদী উপজেলার টরকি গ্রামের আব্দুর রবের ছেলে মোহাম্মদ রাজন (২২) ও ঝালকাঠির রাজাপুর এলাকার শফিক উদ্দীনের ছেলে মো: আশরাফুল ইসলাম (৩০)। তারা সবাই পূর্ব রামপুরার জামতলা এলাকার হারুনের বাসার ভাড়াটিয়া।
আহতদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ রিফাত জানান, আহত তিনজনই স্যানিটারি মিস্ত্রি। সকালে রিকশায় তারা যাওয়ার সময় ছয়-সাতজন ছিনতাইকারী তাদের রিকশাটির গতিরোধ করে। পরে তাদের কাছ থেকে টাকা মোবাইল ছিনিয়ে নেয়ার সময় দিতে রাজি না হওয়ায় আমিনুলকে ডান হাতে ছুরিকাঘাত করে সাত হাজার ৫০০ টাকা ও দু’টি মোবাইল নিয়ে যায়। রাজনকে বাম কাঁধে ছুরিকাঘাত করে একটি মোবাইল নিয়ে যায় ও আশরাফুলকে বাম কাঁধে ছুরিকাঘাত করে ১১ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন রাখেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, রামপুরায় ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত হয়ে তিনজন ঢাকা মেডিক্যালে এসেছে। তাদের হাতে ও কাঁধে ছুরিকাঘাত করেছে। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা ও চারটি মোবাইল ছিনিয়ে নিয়েছে।
তিনি আরো জানান, আহতদের জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



