রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৪২ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৩৬ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগ সাতজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে একটি বিদেশী রিভলভার, দুই রাউন্ড গুলি, এক কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫৮৯ পিস ইয়াবা, ৯ দশমিক ৪ গ্রাম হেরোইন, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুইটি বুপ্রেনরফিন ইঞ্জেকশন, নগদ ১ হাজার ৫৪০ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।



