রাজধানীর পল্লবীতে অপহৃত পাঁচ বছরের শিশুকে উদ্ধারের দাবিতে সোমবার (২৫ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবার।
অপহৃত শিশু ইব্রাহীমের বাবা জসিম উদ্দিন বলেন, গত ১৩ মে ডুইপ প্লট, ব্লক বি, রোড ৪সি, বাসা নং ১৬, সেকশন ১১, পল্লবীর বাসা থেকে আনুমানিক রাত ৮টা থেকে ৯টার মধ্যে শিশু ইব্রাহীম গেটের বাইরে বের হয়। তারপর থেকে কোথাও ছেলের খোঁজ পাচ্ছেন না। আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করে ছেলের কোনো সন্ধান পাননি। ঘটনার পরদিন ছেলেকে উদ্ধারের জন্য পল্লবী থানায় একটি ডায়েরি করেন। কিন্তু এখনো তার ছেলে উদ্ধার হয়নি।
জসিমের সন্দেহ যে বাড়িতে ভাড়া থাকেন তার ছেলেকে সেখানের কেউ অপহরণ করেছে। তিনি বলেন, তার ছেলে নিখোঁজের ঘটনার দিনের সিসি ক্যামেরাতে দেখা যায় ৭টা ৪০ মিনিটের ছেলে গেটে ঢুকেছে, কিন্তু আর বাইরে বের হয়নি। তার সন্দেহ বাড়ির কেউ অথবা আশেপাশে মাদকাসক্ত বাহিনী তাদের শিশুসন্তানকে অপহরণ করেছে। তিনি অপহৃত সন্তানকে উদ্ধারে পুলিশের হস্তক্ষেপ দাবি করেন।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন অপহৃত শিশুটির মা নাজমিন, ফুফু রানি, মামা রাজিব।



