গোয়েন্দা সূত্র

নিউ মার্কেটে গুলিতে নিহত ব্যক্তি ‘সন্ত্রাসী’ টিটন

‘নিহত ব্যাক্তি শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন। যার সাথে আরেক শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমনের দীর্ঘ দিনের দ্বন্দ্ব চলছিল। নিহত টিটন ক্যাপ্টেন ইমনের শ্যালক। অর্থাৎ ইমন তার ছোট বোন নীলার স্বামী।’

নিজস্ব প্রতিবেদক
খন্দকার নাঈম আহমেদ টিটন
খন্দকার নাঈম আহমেদ টিটন |নয়া দিগন্ত

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যক্তির নাম খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেট বটতলা শহীদ শাহ নেওয়াজ হল-সংলগ্ন রাস্তায় এ হত্যার ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় কয়েকজন শিক্ষার্থী তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রথমে পরিচয় জানা না গেলেও পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র নিহতের পরিচয় নিশ্চিত করে।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা শিক্ষার্থী মো: মেজবাহ রহমান জানান, রাত ৮টার দিকে নিউ মার্কেট বটতলা শাহনেওয়াজ হলের সামনের রাস্তায় দু’জন দুর্বৃত্ত মোটরসাইকেল করে এসে ওই ব্যক্তিকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। তখন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি। একপর্যায়ে আশপাশের লোকজন তাদেরকে ধাওয়া দিলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। যাওয়ার পথে লোকজনদেরও ভয় দেখানোর জন্য গুলি ছোড়ে। তাদের দু’জনেরই ক্যাপ ও মাস্ক পরিহিত ছিল।

তিনি আরো জানান, তখন রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ব্যক্তির মাথাসহ শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শাহাদৎ হোসেন জানান, গুলির ঘটনা শুনে হাসপাতালে আসি। তবে তিনি মারা গেছেন।

টিটন

গোয়েন্দা সূত্র জানান, নিহত ব্যাক্তি শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন। যার সাথে আরেক শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমনের দীর্ঘ দিনের দ্বন্দ্ব চলছিল। নিহত টিটন ক্যাপ্টেন ইমনের শ্যালক। অর্থাৎ ইমন তার ছোট বোন নীলার স্বামী।