সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন ও অর্থ আদায়ের অভিযোগে মো: শোয়াইব (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (৮ জুলাই) সিআইডির ঢাকা কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, রাজধানীর শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
গ্রেফতার শোয়াইব চট্টগ্রামের বাঁশখালী থানার শিলকুপ ইউনিয়নের মনকি চর (মোহাব্বত আলী পাড়া) গ্রামের বশির আহামদের ছেলে।
প্রাথমিক তদন্তে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে ভুক্তভোগীর সাথে আসামির পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে পরবর্তীতে ‘ইমো’ অ্যাপে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা চলতে থাকে। কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত ভিডিও কলের মাধ্যমে ভিকটিমের ঘনিষ্ঠ মুহূর্ত স্ক্রিন রেকর্ড করে সংরক্ষণ করেন। পরবর্তীতে এসব ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভিকটিমের সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একইসাথে ভিকটিমকে ব্ল্যাকমেইল করে আট লাশ টাকা আদায় করেন। এরপর আরো অর্থ দাবি করলে এবং ভিকটিম তা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ইমো অ্যাপে ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেন।
সিআইডি সূত্রে আরো জানা গেছে, ঘটনার পর ভুক্তভোগী গত ২৩ জুন রামপুরা থানায় মামলা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। এরপর ৭ জুলাই রাজধানীর মালিবাগ ডিআইটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।



