রাজধানীর কাপ্তান বাজার এলাকা থেকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মোছা: নাছিমা আক্তার (৫২) নামে এক নারী আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী পুলিশ ফাঁড়ি।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ৮টার দিকে কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
নিয়াজ মেহেদী জানান, একটি মামলার রায়ে আদালত নাছিমা আক্তারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতার নাছিমাকে ওয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



