রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশাচালক আকরাম হোসেন হত্যার মামলায় রহস্য উদঘাটনসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো: জীবন (২১) ও মো: আশিক (২২)।
কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর রাত ৩টার দিকে কামরাঙ্গীরচরের মুন্সিহাটি মুড়ির ফ্যাক্টরির সামনে ভিকটিম আকরাম হোসেন তার অটোরিকশায় অজ্ঞাতনামা যাত্রীদের নিয়ে পৌঁছান। এ সময় যাত্রীবেশী ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ দেড় হাজার টাকা ছিনিয়ে নেয় এবং অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে।
ভিকটিম আকরাম বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের ডান পাশে ও পিঠে আঘাত করে। তার চিৎকারে আসামিরা পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভিকটিমের ভাই জহিরুল ইসলাম এজাহার দায়ের করলে কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।
থানা সূত্রে আরো জানা যায়, মামলাটি রুজুর পর কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের চিহ্নিত করে হত্যাকাণ্ডে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও আসামিদের পরিহিত পোশাক উদ্ধার করা হয়।
গ্রেফতার জীবন ও আশিক এলাহি আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।



