হাজারীবাগে বৃদ্ধা পিটিয়ে হত্যা, আটক ৫

‘আমার শাশুড়ির সাথে প্রতিবেশী আব্দুর রশিদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গতরাত দেড়টার দিকে চার-পাঁচজন মিলে আমার শাশুড়িকে পিটিয়ে আহত করে।’

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল |ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগের কালু নগর বেরিবাঁধ এলাকায় জমি-জমা নিয়ে পূর্ব বিরোধের জেরে রওশন আরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রওশন আরাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রওশন আরা বেগম হাজারীবাগের কালু নগর বেরিবাঁধ ৫ নম্বর এলাকার আমজাদ হোসেনের স্ত্রী। তার পাঁচ মেয়ে ও তিন ছেলের রয়েছে।

শুক্রবার নিহতের মেয়ের জামাতা এস এম আমিনুর রহমান বলেন, ‘আমার শাশুড়ির সাথে প্রতিবেশী আব্দুর রশিদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গতরাত দেড়টার দিকে চার-পাঁচজন মিলে আমার শাশুড়িকে পিটিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’