রাজধানীতে ডাস্টবিন ব্যবহার নিয়ে বিরোধে পরিচ্ছন্নতাকর্মীকে গুলি

রাজধানীর নতুন বাজারে ডাস্টবিন নিয়ে বিরোধে অতর্কিত গুলিতে তৌহিদ নামের এক পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

নিজস্ব প্রতিবেদক
ডাস্টবিন ব্যবহার নিয়ে বিরোধে পরিচ্ছন্নতাকর্মীকে গুলি
ডাস্টবিন ব্যবহার নিয়ে বিরোধে পরিচ্ছন্নতাকর্মীকে গুলি |প্রতীকী ছবি

রাজধানীর ভাটারা থানাধীন নতুন বাজার বারিধারা এলাকায় ময়লার ডাস্টবিন ব্যবহার নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়েছেন মোহাম্মদ তৌহিদ (২৮) নামের এক পরিচ্ছন্নকর্মী।

রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। তিনি বর্তমানে রাজধানীর ভাটারা থানার কোকাকোলা টেকবাড়ি বারিধারা এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম আবুল হাশেম।

তৌহিদের সহকর্মী মোহাম্মদ কামরুল জানান, নতুন বাজার বারিধারা এলাকায় ময়লা ফেলার ডাস্টবিন নিয়ে স্থানীয় ‘হেলাল গ্রুপ’-এর সাথে বিরোধ চলছিল বেশ কয়েকদিন ধরে। রাতে হঠাৎ ডাস্টবিনের সামনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা অতর্কিত গুলি চালালে এতে তৌহিদের পায়ে গুলি লাগে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

চিকিৎসক তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতালে রেফার করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ভাটারার নতুন বাজার এলাকা থেকে তৌহিদ নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যালে এসেছে। তার পায়ে গুলি লেগেছে, পরে ঢাকা মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতাল রেফার করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।