রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৪৮ জন, ওয়ারীতে ৬৪ জন, মতিঝিলে ৬৭ জন, তেজগাঁওয়ে ৭৭ জন, মিরপুরে ১৩৫ জন, গুলশানে ৪৩ জন, উত্তরা বিভাগে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগে আটজন রয়েছেন।
অভিযানকালে ৩৬ হাজার ৬৪৯ পিস ইয়াবা, ৩২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১০ পুরিয়া হেরোইন ও আট বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া দুইটি ছোরা, একটি চাকু, একটি ভ্যানিটি ব্যাগ, ১৯টি মোবাইল ফোন, দুইটি গ্যাস লাইট, দুইটি বোতলের মুখ, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি ব্যানার, চার লিটার পেট্রোল, ১৪টি বাঁশের মশাল এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



