রাজধানীর পল্লবীতে একটি রিভলবারসহ পাঁচ রাউন্ড রিভালবারের গুলি ও ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার দিবাগত রাতে মিরপুরের পল্লবী থানাধীন সেকশন-১২ নম্বর এলাকায় অভিযান চালিয়ে ব্রাজিলের তৈরি একটি রিভলবারসহ পাঁচ রাউন্ড গুলি এবং ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
পল্লবী থানা পুলিশ জানায়, গত শনিবার (২১ মার্চ) রাতে গ্রেফতারকৃত বৃন্দা রনিসহ পিচ্চি বাবু ও বড় লোকমান পল্লবী থানাধীন আলীনগরগামী রাস্তায় রোজ গার্ডেন ভবনের সামনে দুই রাউন্ড গুলি করে। এ ঘটনায় ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে তিন জনের নামে পল্লবী থানায় মামলা দায়ের করা হয় এবং মো: শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো: শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনি পল্লবী থানা এলাকায় শুটার বৃন্দা রনি হিসেবে পরিচিত। তার দেয়া তথ্যের ভিত্তিতে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পল্লবী থানায় একটি অস্ত্র মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা, একটি মাদক মামলাসহ তিনটি মামলা রয়েছে এবং একটি দস্যুতা মামলা পল্লবী থানায় তদন্তাধীন আছে।
গ্রেফতারকৃতকে রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বাসস



