বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

রোববার (২৫ মে) রাত আনুমানিক সাড়ে ১১টায় মধ্য বাড্ডা গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় কামরুল আহসান সাধন নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক।

রোববার (২৫ মে) রাত আনুমানিক সাড়ে ১১টায় মধ্য বাড্ডা গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা সাধন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি। কে বা কারা এটি করেছে আমরা এখনো সেটি জানি না। এ বিষয়ে খোঁজ নিতে আমাদের ফোর্স কাজ করছে।’

নিহতের ভাগ্নে জিহাদ বলেন, ‘বাড্ডায় মামাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আমরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসি। এখানে চিকিৎসকরা তাকে দেখে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, ‘আমরা এখন এখানেই আছি। বাড্ডা থানায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। কারা এ ঘটনা ঘটিয়েছে এখন পর্যন্ত আমরা জানি না।’