রাজধানীর হাজারীবাগের জিগাতলায় আলভি হত্যা মামলার রহস্য উদঘাটনসহ চারজনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো: হাবিবুর রহমান মুন্না (২৬), সমতি পাল (২৩), কাউসার (২১) ও মো: রায়হান (২০)।
ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, নিহত সামিউর রহমান খান আলভী হাজারীবাগ থানার ৪২/জি, মনেশ্বর রোডে পরিবারের সাথে বসবাস করতেন। তিনি ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
গত ১৬ মে সামিউর তার তিন বন্ধু মো: আশরাফুল ইসলাম, মো: জাকারিয়া ও মো: ইসমাঈল হোসেনের সাথে ধানমন্ডি লেক পাড়ের একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন।
এ সময় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা কয়েকজন তাদের কৌশলে হাজারীবাগ থানাধীন জিগাতলা বাসস্ট্যান্ড সংলগ্ন ২১/১ বাসার সামনে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় তারা সামিউর ও তার বন্ধুদের শরীরের বিভিন্ন স্থানে ছুরি ও চাপাতি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিউরকে মৃত ঘোষণা করেন।
সামিউরের তিন বন্ধু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মো: সামিউর রহমান খান আলভীর বাবা মো: মশিউর রহমান খানের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি মামলা রুজু করা হয়।
থানা সূত্রে আরো জানা যায়, মামলা রুজুর পর বিভিন্ন তথ্য বিশ্লেষণ, নিবিড় তদন্ত ও প্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃত আসামিদের অবস্থান শনাক্ত করা হয়।
পরে ১৮ মে মো: রায়হানকে ও ১৯ মে সমতি পালকে হাজারীবাগের মধুবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
২১ মে ধানমন্ডি লেক বাগানবাড়ি এলাকা থেকে মো: হাবিবুর রহমান মুন্না ও কাউসারকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃরা সামিউর রহমান খান আলভীকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
১৫ মে ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টায় মাদক সেবনকে কেন্দ্র করে বাগানবাড়ী লেকে ভিকটিম ও তার বন্ধুদের সাথে গ্রেফতারকৃত আসামিদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
সূত্র : বাসস



