নারায়ণগঞ্জে ছিনতাইকারীর গুলিতে প্রাইভেটকার চালক আহত

সকাল ৮টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ফিরোজকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

নিজস্ব প্রতিবেদক

Location :

Narayanganj
মেঘনা ব্রিজের টোল প্লাজা
মেঘনা ব্রিজের টোল প্লাজা |সংগৃহীত

নারায়ণগঞ্জের মেঘনা ব্রিজের টোল প্লাজা এলাকায় ছিনতাইকারীর গুলিতে প্রাইভেটকার চালক মোহাম্মদ ফিরোজ (৩১) আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ফিরোজকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত ফিরোজের স্ত্রী নাসিমা আক্তার বলেন, ‘আমার স্বামী একজন প্রবাসীকে নিয়ে ঢাকা থেকে চাঁদপুরে যাওয়ার সময় মেঘনা টোল প্লাজা এলাকায় চার-পাঁচটি মোটরসাইকেলে সাত-আটজন লোক প্রাইভেটকারকে প্রতিরোধ করে। পরে প্রাইভেটকারের ভেতরে থাকা ওই প্রবাসীর টাকা-পয়সা, পাসপোর্ট ও প্রাইভেটকার ছিনতাই করার সময় আমার স্বামী বাঁধা দিলে ছিনতাইকারীরা তার ডান পায়ের উরুতে গুলি করে। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসাধীন রাখেন।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, নারায়ণগঞ্জের মেঘনা ব্রিজ এলাকা থেকে একজন গাড়িচালক গুলিবিদ্ধ হয়ে এসেছেন, তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে। তার ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়েছে।’

বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।