রাজধানীতে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৫

বুধবার দিবাগত রাতে গুলশান পুলিশ প্লাজার পিছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর মারধরের শিকার হন পুলিশের এই কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারের ওপর হামলা ও মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- মোরশেদ আলম, মো: বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন। হামলাকারীরা সবাই ব্যবসায়ী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে, বুধবার দিবাগত রাতে গুলশান পুলিশ প্লাজার পিছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর মারধরের শিকার হন পুলিশের এই কর্মকর্তা।

পুলিশ জানায়, এডিসি মাহফুজ্জামান ডিউটি শেষে বাসায় ফেরার পথে হাতিরঝিল থানা এলাকায় পুলিশ প্লাজার পিছনে তার গাড়িতে ধাক্কাকে কেন্দ্র করে কয়েকজনের সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ১০-১২ জন মিলে তার ওপর আতর্কিত হামলা চালায় এবং মারধর করে। হামলাকারীরা ঘটনার আগে একটি ক্লাব থেকে বের হয়েছিল বলে জানা গেছে। এ ঘটনায় হাতিরঝিল থানায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে।

এবিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘এডিসি মাহফুজ্জামানের ওপর হামলার ঘটনায় হাতিরঝিল থানা এলাকায় একটি মামলা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে হামলাকারীদের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।’

হামলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। গ্রেফতার সবাই ব্যবসায়ী। এবিষয়ে তদন্ত চলছে।’

ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপকমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ বলেন, ‘বুধবার রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে এডিসি মাহফুজ্জামান হামলার শিকার হন। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে।’

এদিকে, আহত এডিসি মাহফুজ্জামানের স্ত্রী জানান, ‘এডিসি মাহফুজ্জামানের অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’