বরগুনা সদর উপজেলার পায়রা নদীতে গোসল করতে নেমে জুঁই আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার লতাকাটা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ স্কুলছাত্রীর স্বজনরা জানান, ছুটিতে ঢাকা থেকে বরগুনায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল জুঁই। সকালে পরিবারের সদস্যদের সাথে লতাকাটা এলাকায় পায়রা নদীতে গোসল করতে নেমে সে জোয়ারের পানির স্রোতে নদীর গভীরে তলিয়ে যায়। স্বজন ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও তার সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাসনাইন পারভেজ বলেন, নদীতে স্কুলছাত্রীর নিখোঁজের ঘটনার খবর পেয়ে বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ স্কুলছাত্রীর খোঁজ মেলেনি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।



