সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘সরকার প্রান্তিক কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে এক হাজার ৪৫০ কোটি টাকা ঋণ মওকুফ হবে এবং এর সুফল পাবেন দেশের প্রায় ১২ লাখ প্রান্তিক কৃষক।’
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলার সকল দফতর প্রধানের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘দেশের ১৪টি এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী আগামী ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে এই কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সকল শ্রেণি-পেশার মানুষ এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন। তবে প্রতিটি পরিবারের জন্য কার্ডটি দেয়া হবে পরিবারের মহিলা প্রধানের নামে। এই কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকার সুযোগ-সুবিধা পাবে।’
এছাড়া মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। শিক্ষার উন্নয়নের পাশাপাশি খেলাধুলার মান বাড়াতে পারলে নতুন প্রজন্মকে মাদক থেকে আরো দূরে রাখা সম্ভব হবে। এই দু’টি দিক একসঙ্গে এগিয়ে নিলে সমাজকে সুন্দর ও সুস্থ পথে এগিয়ে নেয়া যাবে।’
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ আসনে সংসদ সদস্য এ জে এম রেজওয়ানুল হক।



