বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান ১২ জুলাই সকাল থেকে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন, চকরিয়া পৌরসভা, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন, সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন এবং উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে সন্ধ্যা অবধি বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং সান্ত্বনা প্রদান করে সহজভাবে দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এ সময় তিনি বলেন, সম্প্রতি প্রবল বর্ষণে জেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রায় ২৫ জন মানুষের জীবনপ্রদীপ নিভে গিয়েছে। পানিবন্দি মানুষের অসহায়ত্ব চোখে পড়ার মতো।
মানুষের এহেন চরম দুর্ভোগে সরকারি সহযোগিতা, উদ্ধার তৎপরতা ও জীবন বাঁচানোর পদক্ষেপ লক্ষণীয় নয়। মানুষের দুর্ভোগের তুলনায় সরকারি-বেসরকারি পর্যায়ের সহযোগিতা অপ্রতুল। আমি বন্যায় বিপন্ন মানুষের সহযোগিতার জন্য সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বন্যার প্রাথমিক অবস্থা থেকে পানিবন্দি মানুষকে আমাদের সামর্থ্য অনুযায়ী মানবিক সহায়তা, শুকনো খাবার বিতরণ ও উদ্ধার তৎপরতা চালিয়ে আসা হচ্ছে। নিহতদের পরিবারকে নগদ অর্থ সহায়তা পর্যায়ক্রমে দেয়া হচ্ছে। দুর্যোগ কাটিয়ে না ওঠা পর্যন্ত আমাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর সামগ্রিক যে ক্ষত ভেসে উঠবে তা দ্রুত সময়ে সংস্কার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
এ সব তৎপরতায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, চকরিয়া উপজেলা আমির মাওলানা আবুল ফজল, চকরিয়া পৌরসভা আমির আরিফুল কবির, রামু উপজেলা আমির ফজলুল্লাহ মু. হাসান, কক্সবাজার সদর আমির অধ্যাপক খুরশিদ আলম আনসারী, উখিয়া উপজেলা আমির মাওলানা আবুল ফজল, কক্সবাজার শহর নায়েবে আমির শহিদুল আলম বাহাদুর, রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, কক্সবাজার সদর সেক্রেটারি আজিজুর রহমান প্রমুখ।



