জীবননগরে পাখিভ্যানের ধাক্কায় সড়কে ঝরল শিশুর প্রাণ

গ্রামীণ সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল ও অসতর্কতার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
মৃত রোজা
মৃত রোজা |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রোজা (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোজা সেনেরহুদা গ্রামের রাজু হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় একটি চলন্ত পাখিভ্যানের সাথে তার ধাক্কা লাগে। এতে শিশুটি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যায়। স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, গ্রামীণ সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল ও অসতর্কতার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

এ ব্যাপারে উথলী ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দু:খজনক’।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘ঘটনা শোনা মাত্রই ঘটনাস্থল অফিসার ফোর্স পাঠানো হয়। ঘটনার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’