পিরোজপুরে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
গ্রেফতাররা হলেন মো: হাসান ওরফে মেহেদী হাসান, মো: আল-আমিন শেখ ও আলী হোসেন।
পুলিশ সুপার জানান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানকালে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজার এলাকায় সন্দেহভাজন হিসেবে মো: হাসান ওরফে মেহেদী হাসান ও মো: আল আমিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা একজনের কাছে ৩০ হাজার টাকায় একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রি করেছে। তাদের দেয়া তথ্যানুযায়ী শুক্রবার ভোর ৬টার দিকে সদর উপজেলার টোনা ইউনিয়নের তেতুলতলা এলাকায় আলী হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ইতালির তৈরি একটি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আলী হোসেনকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় স্থানীয় গ্রাম পুলিশ ও এলাকার বেশ কয়েক ব্যক্তি উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে এবং আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ‘অপরাধ দমনে পিরোজপুর জেলা পুলিশের এধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’



