গণশুনানির মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ লালপুরকে পৌরসভা করার দাবি জানালে এর সম্ভাব্যতা নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে তিনি সভায় আশ্বস্ত করেন।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে স্থানীয় দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায়  ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে স্থানীয় দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল |নয়া দিগন্ত

অনিয়ম রোধে তালিকাভুক্তদের নিয়ে গণশুনানির মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এ ব্যাপারে নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় উপযুক্ত ব্যক্তিকে এসব কার্ড দেয়া হবে। এখানে অনিয়ম-দুর্নীতির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

শনিবার (৮ অগাস্ট) রাত সাড়ে ১০টার দিকে তার নির্বাচনী এলাকা নাটোরের লালপুরে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে স্থানীয় দলীয় নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় তিনি তার নির্বাচনী এলাকায় বিদ্যুতের লোডশেডিং নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘আমি পল্লী বিদ্যুতের স্থানীয় কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য গত ১৭ বছরে দেশে কোনো বিদ্যুৎ উৎপাদন হয়নি।’

মাদকের বিরুদ্ধে তার ওয়াদার কথা উল্লেখ করে বলেন, ‘আমি আমার নির্বাচনী এলাকায় একটি পরিবারেও মাদকাসক্ত সদস্যকে দেখতে চাই না।’ আর এজন্য তিনি এলাকার প্রতিটি পরিবারসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ লালপুরকে পৌরসভা করার দাবি জানালে এর সম্ভাব্যতা নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে তিনি সভায় আশ্বস্ত করেন।

লালপুর সদর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা হারুনর রশিদ পাপ্পু, লালপুর বাজার বণিক সমিতির সভাপতি ডা: রফিকুল ইসলাম, বিএনপি নেতা প্রভাষক ইকবাল হোসেন বাবলু প্রমুখ।