বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেছেন, ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের কর্মীদের নৈতিক ও আদর্শিক মানে অগ্রসর হওয়া অপরিহার্য। সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হলে নিয়মিত অধ্যায়ন ও আমলি জিন্দেগির উৎকর্ষ সাধনের কোনো বিকল্প নেই।’
তিনি কর্মীদের ওপর অর্পিত দায়িত্ব পালনে আরো বেশি তৎপর হওয়ার আহ্বান জানান এবং একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব আরোপ করেন।
শুক্রবার সাভারে একটি অডিটোরিয়ামে দুইদিন ব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের ব্যবস্থাপনায় শিক্ষাশিবিরের আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা জেলা নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম, তালিমুল কোরআন কেন্দ্রীয় প্যানেল ওস্তাজ মাওলানা মো: জাকারিয়া, মুফতি মাওলানা শরিফুল ইসলাম।
দিনব্যাপী শিক্ষাশিবিরে দায়িত্বশীলরা বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনায় নৈতিকতা ও চারিত্রিক মাধুর্য দিয়ে জনগণের সেবা করার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশ ও জাতির ক্রান্তিলগ্নে জামায়াতের কর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করার আহ্বান করেন।
শিক্ষাশিবিরের আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, জেলা সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসেন, মাওলানা শাহাদাত হোসাইন সহ জেলা কর্মপরিষদ সদস্য ও থানা আমিররা।



