গৌরনদীতে গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

‘২০২৪ সালের ৫ আগস্টের পর যে রাজনৈতিক দল দেশে লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের রাজত্ব কায়েম করেছে, সেই দলের সাথে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা হাত মিলিয়েছে। বিষয়টি আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে। তাই একটি পরিচ্ছন্ন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা গণঅধিকার পরিষদ ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।’

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
জামায়াতে যোগ দিলো গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী
জামায়াতে যোগ দিলো গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী |নয়া দিগন্ত

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা ও জেলা পর্যায়ের গণঅধিকার পরিষদের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গৌরনদী উপজেলার সরিকল তালিমুল কুরআন ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় তারা জামায়াত মনোনীত প্রার্থীর হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগ দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মো: কামরুল ইসলাম খানের সমর্থনে ওই নির্বাচনী সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দাঁড়িপাল্লার প্রার্থী হাফেজ মাওলানা মো: কামরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, গৌরনদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: আল-আমীন ও সেক্রেটারি বায়জিদ শরীফ।

নির্বাচনী সভার শুরুতে গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো: নুরুল আমিন, সহ-সভাপতি ওয়াসিম খান, নুরুল ইসলাম সেরনিয়াবাত, শহিদুল ইসলাম, যুব অধিকার পরিষদের পাঠচক্রবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, যুব অধিকার পরিষদের গৌরনদী উপজেলা শাখার দফতর সম্পাদক সাদ্দাম হোসেন, গণঅধিকার পরিষদের আগৈলঝাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদ খান, যুব অধিকার পরিষদের আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক উজ্জ্বল খান ও সফিকুল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে সদ্য সাবেক গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো: নুরুল আমিন তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে একটি পরিবর্তনের রাজনীতির আশায় আমরা এতদিন গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। কিন্তু দেশে নির্বাচনী পরিবেশ তৈরির পর আমরা বুঝতে পারি আমাদের সেই প্রত্যাশা সম্পূর্ণ ভুল ছিল।’

তিনি আরো বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর যে রাজনৈতিক দল দেশে লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের রাজত্ব কায়েম করেছে, সেই দলের সাথে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা হাত মিলিয়েছে। বিষয়টি আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে। তাই একটি পরিচ্ছন্ন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা গণঅধিকার পরিষদ ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।’