লোহাগাড়া উপজেলা ট্রমা সেন্টার বন্ধ হওয়ার সুযোগ নেই : শাহজাহান চৌধুরী

‘চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল চিকিৎসকদের আরো বেশি আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। চিকিৎসকরা আন্তরিকতার সাথে কাজ করলে রোগীরা সঠিক সেবা পাবে।’

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

Location :

Lohagara
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টার পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টার পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী |নয়া দিগন্ত

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ‘লোহাগাড়া উপজেলা ট্রমা সেন্টার বন্ধ হবে না। এটি বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আগামীতে সবসময় ট্রমা সেন্টার চালু রাখার জন্য যা যা করা দরকার সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে ট্রমা সেন্টার পুরোদমে বন্ধ ছিল। ইন্টেরিম সরকারের সময় আমি এই ট্রমা সেন্টার চালু করার উদ্যোগ নিয়েছিলাম।’

শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টার পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টারের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পাশাপাশি হাসপাতালে আগত রোগীদের সাথে কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, ‘ইন্টেরিম সরকারের সময় স্বাস্থ্য উপদেষ্টার আন্তরিকতায় চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের সহযোগিতায় ট্রমা সেন্টার চালু করা হয়। এখন যেহেতু নতুন সরকার এসেছে তাই কিছু নিয়ম-নীতি রয়েছে। বর্তমান সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ট্রমা সেন্টার চালু রাখার বিষয়ে আমাদের কথা হয়েছে। সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করছে এই ট্রমা সেন্টার। এটি বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই।’

তিনি আরো বলেন, ‘ট্রমা সেন্টার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা যথাযথভাবে সেবা পাচ্ছে। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল চিকিৎসকদের আরো বেশি আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। চিকিৎসকরা আন্তরিকতার সাথে কাজ করলে রোগীরা সঠিক সেবা পাবে।’

একইদিন উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়ামে হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা, সিনিয়র স্টাফ, নার্স, মিডওয়াইফ ও সকল কর্মচারীদের সাথে মতবিনিময় করেন শাহজাহান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ইকবাল হোসাইন, উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: নুসরাত জাহান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আ ন ম নোমান, লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ ছালেহ, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলি, পদুয়া ইউনিয়ন জামায়াতের আমির অধ্যক্ষ আ ক ম হামিদুল হক, সেক্রেটারি মাওলানা আবদুর রহমান, পদুয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জিয়াউল হক জিয়া, সমাজসেবক নুরুল ইসলাম সিকদার, কাজি জসিম উদ্দিন প্রমুখ।