গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক ব্যবসায়ীর বাসায় ড্রয়ার থেকে ব্যাগভর্তি টাকা চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাটি গত রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে গফরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের রাঘাইচটি এলাকার বাসায় ঘটে।
চোরেরা বাসার ছাদের টিনের দরজা ও ভেতরের কাঠের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ওই ড্রয়ার থেকে ব্যাগভর্তি নগদ ১৭ লাখ ৮২ হাজার টাকা, দোকানের চাবি ও মোবাইল সেট নিয়ে যায়।
খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত গফরগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনসারুল হক মনি জানান, আমার মনোহারি দোকান ও ফ্রেশ ডিলারশিপের ব্যবসার মোট ১৭ লাখ ৮২ হাজার টাকা হাতব্যাগের ভেতরে রেখে ব্যাগটি ড্রয়ারের ভেতরে রেখে রাত ২টার পর ঘুমিয়ে পড়ি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে দোকানে যাওয়ার জন্য ড্রয়ারে রক্ষিত টাকা ভর্তি হাতব্যাগটি আনতে গিয়ে দেখি ব্যাগটি নেই। ব্যাগটি চুরি হয়ে গেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনসারুল হক মনি গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।



