টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের নদী ও পাহাড়ি ঝিরি ঝরনাগুলোর পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। জেলার থানচি ও রুমা উপজেলায় নদীপথে ইঞ্জিনচালিত নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্গম এলাকার পর্যটনকেন্দ্রগুলোতে আটকা পড়েছেন শতাধিক পর্যটক।
এদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্রে পর্যটকদের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জরি করেছে প্রশাসন।
সোমবার (৬ জুলাই) রাতে বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) মো: সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
এদিকে প্রবল বর্ষণে বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ধসের ফলে বান্দরবান-থানচি সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সড়কে পানি ওঠায় বান্দরবান ও কক্সবাজারের সাথে আলীকদম উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
পাহাড়ধসে প্রাণহানি এড়াতে জেলা প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে মাইকিং করা হচ্ছে।
জেলা প্রশাসক (ডিসি) মো: সানিউল ফেরদৌস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো জেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া পাহাড়ধস ও পাহাড়ি ঢলে প্রাণহানি এড়াতে জনগণকে সতর্ক করা হচ্ছে।


