ফরিদপুর-৩

ভোটকেন্দ্রে টাকা বিতরণের অভিযোগে ধানের শীষের পোলিং এজেন্টের জরিমানা

‘পোলিং এজেন্টের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থীর পোলিং এজেন্ট। পরে প্রশাসনকে জানানো হলে তারা দ্রুত এসে ব্যবস্থা নিয়েছেন।’

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
ছবি : নয়া দিগন্ত

ফরিদপুর-৩ (সদর) আসনে ভোটকক্ষের ভেতরে ভোটারদের টাকা দেয়ার অভিযোগে তানজির ইসলাম নামে বিএনপি প্রার্থীর এক পোলিং এজেন্টকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদরাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

তানজির ইসলাম বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের ধানের শীষের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামানের অভিযোগ অনুযায়ী ওই পোলিং এজেন্টকে আটক করা হয়।

আদালত সূত্রে জানা যায়, তানজিম ইসলামের বিরুদ্ধে টাকা দিয়ে নির্ধারিত প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্ররোচিত করছিলেন বলে প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামানের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

এরপর নির্বাচনী আইন-২০২৫ এর ১৩ (চ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় নির্বাচনী আইন ১৯৭২ এর ৯১ (বি)(২) ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামান বলেন, পোলিং এজেন্টের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থীর পোলিং এজেন্ট। পরে প্রশাসনকে জানানো হলে তারা দ্রুত এসে ব্যবস্থা নিয়েছেন।