ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকার আশুলিয়ায় স্বতঃস্ফূর্তভাবে চলছে ভোটগ্রহণ অনুষ্ঠান। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকা-১৯ আসনের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এ তথ্য জানা যায়।
সরেজমিনে, ঢাকা-১৯ আসনের আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের আয়েশা প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল কেন্দ্র, গোহাইলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র, রণস্থল জৈনদ্দিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী, পুরুষ ও তরুণ ভোটারগণ সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসেছেন। অনেকটা সারিবদ্ধ ও সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন।
বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে জানা যায়, বিগত বছরের ভোটের চেয়ে শান্তপূর্ণভাবে তারা ভোট দিতে পারছেন। সুন্দরভাবে নিজের ভোট নিজে দিতে পেরে আনন্দ প্রকাশ করছেন ভোটারগণ।
আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি মো: আব্দুল হাই জানান, দীর্ঘ ১৭ বছর পর অত্যন্ত শান্তিপূর্ণভাবে নিজের ভোট মানুষ নিজে দিতে পারছে। এটাই বড় পাওয়া। তবে সকল ভোটারদের প্রতি অনুরোধ করে বলেন যোগ্যপ্রার্থীকে যেন সবাই ভোট দিয়ে বিজয়ী করেন। যাদের হাতে দেশটা নিরাপদ থাকবে তাদেরকেই ভোট দেয়ার আহ্বান জনান তিনি।
সকাল ১০ টার দিকে কথা হয় আশুলিয়ার রণস্থল জৈনদ্দিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ড. নূরে আলমের সাথে। তিনি জানান, ভোট অত্যান্ত শান্তিপূর্ণভাবে চলছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
তিনি জানান, এই কেন্দ্রে মোট ভোটার ২৭২২জন। এরই মধ্যে অর্থাৎ সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রায় সাড় ১৩ ভাগ ভোট কাস্ট হয়েছে।
উল্লেখ্য, উল্লেখ্য, সাতটি ইউনিয়ন, একটি পৌরসভা ও একটি ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে ঢাকা-১৯ আসন গঠিত। এই আসনে এবার মোট ভোট কেন্দ্র রয়েছে ২৭৫টি এবং মোট ভোটার সংখ্যা সাত লাখ ৪৭ হাজার ৭০ জন।



