বর্ণাঢ্য আয়োজনে নতুন বছর ১৪৩৩ বরণ করেছে পটুয়াখালীবাসী।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা পরিষদ শিশুপার্কে আয়োজিত বৈশাখি মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিভিন্ন সাজে সেজে গেয়ে, বাজনা বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সকলে। শোভাযাত্রা শেষে তিনদিনব্যাপী বৈশাখী ও লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো: শহিদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো: আবু ইউসুফ, জেলা পরিষদ চেয়ারম্যান স্নেহাংশু সরকার কুট্টিসহ প্রশাসনের কর্মকর্তারা।
পরে বৈশাখি অনুষ্ঠানমালার অংশ হিসেবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংঠনের সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের পর মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।
বিকেলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলায় অংশ নিবে পটুয়াখালী পৌরসভা একাদশ বনাম সদর উপজেলা একাদশ। এছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেয়।



