ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মা-বাবার দোয়া হোটেল ও রেস্তোরা নামে একটি খাবার হোটেলে পচা গোশত ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হয়। ২৯ রোজায় ইফতারে পচা গোশতের একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় প্রচারের পর সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হোটেল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।
সোস্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা গেছে, আখাউড়া রেলস্টেশন রোডে অবস্থিত এই খাবার হোটেলে ২৯ রোজায় ইফতার করতে পরিবার নিয়ে এসেছিল স্থানীয় পৌরসভার মসজিদ পাড়া এলাকার রাজন চৌধুরী।
ইফতারে তাদেরকে পচা মুরগির গোশত পরিবেশন করলে তুমুল হইচই শুরু হয়। পরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। এই ঘটনার পর আজ দুপুরে এই দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
জানা যায়, পাশেই রজনীগন্ধা নামে তাদের একটি থাকার হোটেলের সকল কাস্টমারের জন্যও এখান থেকে খাবার পরিবেশন করা হয়। তবে হোটেল মালিক জয়নাল হাজারী ও ইউসুফ হাজারী এই পচা গোশত বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানায়, খাবার হোটেল ছাড়াও আখাউড়া পৌরসভার বাইপাস ও দেবগ্রাম এলাকায় বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে মো: মোতালিব ও শেখ মোহাম্মদ আলী নামে দুই তেল ব্যবসায়িকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসনের এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।



